ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) বুধবার (২৫ নভেম্বর) লেনদেনের শুরুতেই স্বর্ণ ও রুপার দাম কমেছে। ডিসেম্বর মেয়াদের প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ১ লাখ ২১ হাজার ৯০০ রুপিতে নেমেছে।
এই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৪২ হাজার ১৮৪ রুপি। প্রতিগ্রাম ১২ হাজার ১৭৪ রুপি।
রুপার বাজারেও দরপতন হয়েছে। ডিসেম্বর মেয়াদে প্রতি কেজি রুপার দাম ৪৩৫ রুপি বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১ লাখ ৪৫ হাজার ৩ রুপিতে নেমেছে। আগের দিন দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৪৩৮ রুপি।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের ওপর চাপ রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পরিকল্পনা ঘিরে শেয়ারবাজারে বিক্রির চাপ এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা মূল্যবান ধাতুটির দাম কমাচ্ছে।
মঙ্গলবার স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। বুধবার প্রতি আউন্স স্বর্ণ প্রায় ৩ হাজার ৫৪৫ ডলারে লেনদেন হয়। এতে আগের দিনের মূল্যবৃদ্ধির বড় অংশ মুছে যায়।
চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ এক ডজনের বেশি অর্থনীতি থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের পর প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ তৈরি হয়। লোকসান ও মার্জিনের চাপ সামলাতে কিছু বিনিয়োগকারী স্বর্ণও বিক্রি করেন।
সিঙ্গাপুর সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪৪ ডলার ১৯ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৮০ সেন্ট হয়। এর আগের দিন রুপার দাম ৫ শতাংশের বেশি কমেছিল।


