মুদ্রাস্ফীতির শঙ্কা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৬৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বাইবিট-এর প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্পট মার্কেটে স্বর্ণের দাম বর্তমানে সাড়ে ৩ হাজার ডলারের আশপাশে অবস্থান করছে। ফেড আর সুদের হার বাড়াবে না, বাজারে এমন ধারণা তৈরি না হওয়া পর্যন্ত স্বর্ণের দামে টেকসই কোনও ঊর্ধ্বগতি দেখা যাওয়ার সম্ভাবনা কম।’
তিনি আরও বলেন, ‘স্বর্ণে বিনিয়োগকারীরা আপাতত কিছুটা রক্ষণাত্মক অবস্থানে থাকবেন... তবে বৈশ্বিক আর্থিক বাজারে নতুন করে কোনও ঝুঁকি এড়ানোর প্রবণতা দেখা দিলে তা কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়ের পাশাপাশি এই মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বগতিতে কিছুটা সহায়তা দিতে পারে।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৪ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৭৭ ডলারে পৌঁছেছে।
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

