যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। অনলাইনে এ ধরনের সন্দেহজনক বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনো কারও কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এসব তথ্যের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা কার্ড নম্বরও রয়েছে।
প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে দূতাবাস দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে। প্রথমত, কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তাতে কোনোভাবেই সাড়া না দিতে বলা হয়েছে। দ্বিতীয়ত, কোনো ধরনের প্রলোভন বা অনুরোধের মুখে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পরিচয়ধারী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।


