...|...|...

বিশ্ব

মাত্র দুই দিনেই হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৬ শর্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৬
Shares
মাত্র দুই দিনেই হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৬ শর্ত

ছবি: এআই

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের সামনে ছয়টি শর্ত রেখেছে ইরান। এসব শর্ত পূরণ করা হলে মাত্র দুই দিনের মধ্যে প্রণালীটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানে নতুন করে হামলা চালানো হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কাতারি মধ্যস্থতাকারীদের সহায়তায় এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান যে সাত দিনের পরিকল্পনা ঘোষণা করেছিল, তার ভিত্তিতেই নতুন দুই দিনের প্রস্তাব সাজানো হয়েছে।

গত মাসে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘প্রথম দিনে যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং নৌচলাচল ব্যবস্থা আগের অবস্থায় ফিরে আসবে।’

ইরানের প্রথম শর্ত হলো, গত জুলাইয়ে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ ভেস্তে যাওয়ার পর দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে।

দ্বিতীয় শর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার দাবি জানিয়েছে তেহরান। তৃতীয় শর্তে গত জুনে সমঝোতা স্মারকের আওতায় ইরানের তেল কেনাবেচার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় বা ওয়েভার পুনর্বহালের কথা বলা হয়েছে।

চতুর্থ শর্তে কাতারসহ বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের সব অর্থ অবমুক্ত করার দাবি জানানো হয়েছে।

পঞ্চম শর্তে হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের যৌথ উদ্যোগে তৈরি নতুন নৌপথকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং অন্য সব নৌপথ বন্ধ করার কথা বলা হয়েছে।

ষষ্ঠ ও শেষ শর্তে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে ইরান। বিশেষ করে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি দুই দিনের প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়ে আরাঘচি সতর্ক করেছেন, ইরানে নতুন করে হামলা চালানো হলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠবে। তাঁর ভাষায়, এমন পরিস্থিতিতে ‘নরক নেমে আসবে’।