যুক্তরাষ্ট্রে মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে এক নারী যাত্রীর বিরুদ্ধে। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ওই নারীকে হেফাজতে নেয় পুলিশ।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৭৯ বাল্টিমোর বিমানবন্দর থেকে প্রায় দুই ঘণ্টা দেরিতে মায়ামির উদ্দেশে যাত্রা শুরু করে। আকাশে থাকা অবস্থায় বিমানের নবম সারির এক যাত্রীর বিশৃঙ্খল আচরণের বিষয়টি ককপিটে জানান কেবিন ক্রুরা।
বিমান চলাচলবিষয়ক তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট এয়ারলাইভের তথ্য অনুযায়ী, ৯-ডি আসনে বসা ওই নারী যাত্রী নিজের পোশাক খুলে ফেলেন। একই সঙ্গে তিনি সহযাত্রীদের সামনে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে বিমানের প্রধান অ্যাটেনডেন্ট দ্রুত বিষয়টি এয়ারলাইন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। অবতরণের পর যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকে, সে জন্যও অনুরোধ করা হয়।
তবে ঘটনার পর বিমানটিকে মাঝপথে জরুরি অবতরণ করানো হয়নি। নির্ধারিত গন্তব্য মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরেই নিরাপদে পৌঁছায় ফ্লাইটটি।
বিমানটি গেটে থামার সঙ্গে সঙ্গে সেখানে প্রবেশ করে পুলিশ। পরে অভিযুক্ত নারী যাত্রীকে আটক করে হেফাজতে নিয়ে যায় তারা।
ফ্লাইট চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবিন ক্রুরা ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ওই নারী যাত্রীর বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।


