...|...|...

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে চার খাতে বাড়তি ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ জুন ২০২৬, দুপুর ২:২০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৪
Shares
মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে চার খাতে বাড়তি ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, ‘‘ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।’’

মন্ত্রী বলেন, ‘‘প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন মাস পর্যন্ত শুধু এই চার খাতেই অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকার ভর্তুকি প্রয়োজন হতে পারে।’’

তিনি জানান, অতিরিক্ত ভর্তুকির মধ্যে তেল খাতে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাস খাতে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ১৯ হাজার ৮২১ কোটি টাকা এবং সার খাতে ১ হাজার ৩৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।

এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের ওপরও ঝুঁকি তৈরি করতে পারে বলেও জানান অর্থমন্ত্রী।