হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-চলাচল সংক্রান্ত বিরোধ নিরসনের লক্ষ্যে সরাসরি বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন ও তেহরান একে অপরের ওপর হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান সমাপ্ত করার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে, যা হরমুজ প্রণালি নিয়ে আলোচনার পথ প্রশস্ত করেছে।
বর্তমানে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রেখে হরমুজ প্রণালির বিরোধ নিষ্পত্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উভয় পক্ষ।
এই বিরোধের মূল কারণ হিসেবে কেবল প্রণালি পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের ভিন্ন ব্যাখ্যাই নয়, বরং সমুদ্রে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে মার্কিন সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা কার্যকর হতে বিলম্ব হওয়াকেও দায়ী করা হয়েছে।

