সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের হুথি গোষ্ঠীর পাঠানো একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি-নেতৃত্বাধীন জোট।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জোটটির বরাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫:৫০) মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ শহরের দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।
আল-মালকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই শহরটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
তিনি জানান, পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের নিরাপত্তা সৌদি জোটের কাছে ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় বিষয়। এ ধরনের হামলা ঠেকাতে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর একদিন আগে সৌদি জোট জানিয়েছিল, খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ওই হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়েছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এরপর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট দেশটিতে সামরিক অভিযান শুরু করে।


