...|...|...

বিশ্ব

হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০৪
Shares
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জাহাজটির আরও ২৩ নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ওমান।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘এল গাইয়া’ নামের ট্যাঙ্কারটির ইঞ্জিনরুমে আগুন লাগার পর মঙ্গলবার সেটিকে ওমানের একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগে মুসান্দাম উপদ্বীপের প্রায় ১ দশমিক ৩ নটিক্যাল মাইল বা ২ দশমিক ৪ কিলোমিটার উত্তরে জাহাজটি হামলার শিকার হয়।

হামলার কারণ ও ধরন নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন দাবি পাওয়া গেছে। ইরানের রেভল্যুশনারি গার্ডস সোমবার দাবি করে, ট্যাঙ্কারটি একটি নৌমাইনে আঘাত করার পর আগুন ধরে যায়। তাদের দাবি, জাহাজটি এমন একটি পথে চলাচল করছিল, যেটিকে তারা নিষিদ্ধ ও অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছিল।

তবে ইরানের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত মাসে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিতে আঘাত হানে। পরে সপ্তাহান্তে জাহাজটিকে লক্ষ্য করে আবারও একটি ড্রোন হামলা চালানো হয়।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, রবিবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রমের সময় একটি জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার খবর তারা পেয়েছে। এর পর জাহাজটিতে আগুন ধরে যায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার ঘটনা বাড়ছে। চলতি মাসের শুরুতেও একই জলপথে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় সৌদি মালিকানাধীন একটি বড় তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। পরে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে দাবি করা হয়। ঘটনায় দুই ফিলিপিনো নাবিক নিহত হন।

নতুন এই হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথে ধারাবাহিক হামলা হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।