...|...|...

সারাদেশ

ভ্রমণ ভিসায় বাংলাদেশে চীনা নাগরিক, প্রেমের ফাঁদে ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৪
Shares
ভ্রমণ ভিসায় বাংলাদেশে চীনা নাগরিক, প্রেমের ফাঁদে ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে

চীনা নাগরিক চেন ইয়ং গ্রেফতার।

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে কিশোরী ও নারীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন চীনা নাগরিক চেন ইয়ং। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে তাদের ধর্ষণ করতেন বলে অভিযোগ উঠেছে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ের তথ্য পেয়েছে পুলিশ।

সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ংকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে একাধিক নারী একই ধরনের অভিযোগ নিয়ে হাজির হন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সেখান থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি চেন ইয়ংকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর শিক্ষার্থীর সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।

সোমবার রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। অভিযানে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেফতারের পাশাপাশি একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সাথে পরিচিত হতেন চেন ইয়ং। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ের তথ্য পেয়েছে পুলিশ।

এদিকে চেন ইয়ংয়ের গ্রেফতারের খবর পেয়ে সোমবার রাতে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।

পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও নারীর সাথে একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।