...|...|...

বিশ্ব

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৪
Shares
ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী কবরস্থান

ছবি: সংগৃহীত

ভারতের কানপুরে কানপুর ডেভেলপমেন্ট অথরিটির (কেডিএ) উচ্ছেদ অভিযানে নামে ১০০ বছরের পুরনো একটি কবরস্থান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও কবরস্থান কমিটির সদস্যরা তীব্র আপত্তি জানিয়েছেন।

সংবাদমাধ্যম মুসলিম মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কবরস্থান কমিটির দাবি, প্রায় এক শতাব্দী ধরে ওই স্থানে কবরস্থানটি রয়েছে। কয়েক দশক পুরনো ঐতিহাসিক নথিপত্রেও এর অস্তিত্বের প্রমাণ রয়েছে বলে জানিয়েছে কমিটি। তাদের অভিযোগ, কবরস্থান-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযানে বুলডোজার ব্যবহার করা হয়। এতে কবরস্থানের একটি বড় অংশ ও সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ পদক্ষেপের বিরোধিতা করার চেষ্টা করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

তবে কেডিএ কর্মকর্তাদের দাবি, ওই জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। কর্তৃপক্ষের অবৈধ দখলবিরোধী উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে অভিযান চালানো হয়েছে বলে জানান তারা।

কেডিএর এই দাবি চ্যালেঞ্জ করেছে কবরস্থান কমিটি। কমিটির সদস্যদের দাবি, কবরস্থানের মালিকানা ও মর্যাদা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তাদের কাছে রয়েছে। তাদের আপত্তি সত্ত্বেও উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এ ঘটনায় পুরনো সমাধিক্ষেত্রের সুরক্ষা এবং ধর্মীয় বা সামাজিক সম্পত্তি উচ্ছেদের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কবরস্থান কমিটি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবে এবং কবরস্থানের অবশিষ্ট জমি রক্ষায় আইনি পদক্ষেপ নেবে।