...|...|...

বিশ্ব

ভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫১
Shares
ভারতে চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

ছবি: সংগৃহীত

ভারতের গ্রেটার নয়ডায় চলন্ত স্লিপার বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গত ৪ আগস্ট রাতে ঘটনাটি ঘটে।

গ্রেফতার দুজন হলেন বাসচালক কুলদীপ (৩৯) ও কন্ডাক্টর সন্দীপ (২৬)। তারা বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান ‘বিশ্বনাথ ট্রাভেলস’-এ কাজ করতেন।

পুলিশ জানায়, পড়ালেখা নিয়ে মায়ের বকা খেয়ে উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে পরিবারের অজান্তে নয়ডায় এক কাজিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল কিশোরীটি। রাত ৯টার দিকে নয়ডার পরী চকে নামার পর প্রচণ্ড বৃষ্টি ও অন্ধকারের মধ্যে একটি যাত্রীবিহীন স্লিপার বাস তার সামনে এসে থামে। বাসটি তার গন্তব্যের দিকে যাচ্ছে জানালে সে বাসে ওঠে।

কিশোরীর অভিযোগ, বাসটি চলতে শুরু করার পর চালক ও কন্ডাক্টর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ করেন। নির্যাতনের পর তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাসটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীরা বাসের ভেতর থেকে নমুনা ও সংশ্লিষ্ট রুটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। পরে উত্তর দিল্লির তিমারপুর এলাকা থেকে অভিযুক্ত দুই বাসকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।