মহাবিশ্বের অন্যতম রহস্যময় বস্তু ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণ থেকে আলোও বেরিয়ে আসতে পারে না। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা জানতেন, দুটি ব্ল্যাক হোল একীভূত হয়ে আরও বড় ব্ল্যাক হোল তৈরি করতে পারে। তবে একটি ব্ল্যাক হোল ভেঙে দুটি ছোট ব্ল্যাক হোলে পরিণত হতে পারে কি না, তা নিয়ে ছিল সংশয়। এবার নতুন এক গবেষণায় উঠে এসেছে, বিশেষ পরিস্থিতিতে এমন ঘটনাও সম্ভব হতে পারে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত দ্রুত ঘূর্ণায়মান কোনো ব্ল্যাক হোল নির্দিষ্ট কিছু শর্তে দুটি ছোট ব্ল্যাক হোলে বিভক্ত হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা। তবে বিষয়টি এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা পর্যবেক্ষণ করা যায়নি।
‘হোয়েন ব্ল্যাক হোলস অ্যাডমিট পেয়ার-অব-প্যান্টস টপোলজিস’ শিরোনামের গবেষণাটি প্রকাশিত হয়েছে *ফিজিক্যাল রিভিউ ডি* সাময়িকীতে। এতে ব্ল্যাক হোলের স্থিতিশীলতা বজায় রাখার পেছনে কাজ করা পদার্থবিজ্ঞানের নিয়ম এবং কোন পরিস্থিতিতে সেটি বিভক্ত হতে পারে, তা বিশ্লেষণ করেছেন গবেষকেরা।
ব্ল্যাক হোল সাধারণত বিভক্ত হতে পারে না বলে মনে করার অন্যতম কারণ হলো এনট্রপি বা বিশৃঙ্খলার পরিমাপসংক্রান্ত নীতি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী, একটি বিচ্ছিন্ন ব্যবস্থার মোট এনট্রপি কমে যাওয়ার কথা নয়। ব্ল্যাক হোলের এনট্রপি তার ঘটনা দিগন্তের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কিত। পদার্থবিদ স্টিফেন হকিংয়ের ক্ষেত্রফল উপপাদ্য অনুযায়ী, ধ্রুপদি পদার্থবিজ্ঞানের নির্দিষ্ট শর্তে ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের মোট ক্ষেত্রফল কমতে পারে না।
দুটি ব্ল্যাক হোল একীভূত হলে নতুন ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তের ক্ষেত্রফল বাড়ে। কিন্তু একটি ব্ল্যাক হোল ভেঙে দুটি ছোট ব্ল্যাক হোল হলে তাদের সম্মিলিত ক্ষেত্রফল সাধারণত আগেরটির তুলনায় কমে যায়। ফলে এমন প্রক্রিয়া প্রচলিত তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়ে আসছিল।
তবে গবেষকদের হিসাব বলছে, অত্যন্ত দ্রুত ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সর্বোচ্চ সম্ভাব্য গতির কাছাকাছি ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের ক্ষেত্রে বিভক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। অবশ্য বিভক্ত হওয়ার পর দুটি নতুন ব্ল্যাক হোলকে একে অপরের থেকে যথেষ্ট দূরে সরে যেতে হবে, যাতে তারা আবার একীভূত না হয়ে যায়। এই শর্ত যুক্ত করলে বিভক্ত হওয়ার সম্ভাব্য পরিস্থিতি আরও সীমিত হয়ে পড়ে।
গবেষকেরা এ প্রক্রিয়াকে ‘পেয়ার-অব-প্যান্টস টপোলজি’ নামে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ, সময়ের সঙ্গে ব্ল্যাক হোলের বাইরের সীমানা বা ঘটনা দিগন্তের আকৃতি অনেকটা প্যান্টের মতো হতে পারে—একটি অংশ থেকে দুটি পৃথক শাখা তৈরি হবে।
গবেষণায় অতিরিক্ত স্থানিক মাত্রা এবং আইনস্টাইনের তত্ত্বের বাইরের কিছু মহাকর্ষীয় মডেলেও ব্ল্যাক হোলের বিভক্ত হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। তবে এসব পরিস্থিতিতেও বিভক্ত হওয়ার তাত্ত্বিক অনুমতি পাওয়া মানেই যে বাস্তবে ঘটনাটি ঘটবে, তা নয়।
২০১৯ সালের ১০ এপ্রিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছায়ার ছবি প্রকাশ করা হয়। এরপরও মহাকাশের এই রহস্যময় বস্তু নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। নতুন গবেষণাটি ব্ল্যাক হোল সম্পর্কে প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তুলে দিয়েছে।



