বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরতে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব বিজ্ঞান দিবস’। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ১০ নভেম্বর দিবসটি পালন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ (কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি)। আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও বৈশ্বিক সংলাপ প্রতিষ্ঠায় বিজ্ঞানের ভূমিকার ওপর এই প্রতিপাদ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে।
১৯৯৯ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব বিজ্ঞান সম্মেলনে বিজ্ঞান ও সমাজের সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। এর ধারাবাহিকতায় ২০০১ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ১০ নভেম্বরকে বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০২ সালে প্রথমবারের মতো এটি উদযাপিত হয়।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা, মহামারি ও পরিবেশদূষণের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই।
রাজনৈতিক মতপার্থক্য ভুলে সীমান্ত পেরিয়ে বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন সমস্যার সমাধান খুঁজতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য জনস্বাস্থ্য, কৃষি এবং জলবায়ুঝুঁকি মোকাবিলায় গবেষণা ও প্রযুক্তির কার্যকর ব্যবহার অপরিহার্য।
দিবসটির মূল লক্ষ্য হলো বিজ্ঞানকে মানবকল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার মাধ্যমে টেকসই বিশ্ব গড়ে তোলা।

