...|...|...

খেলা

ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:০০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:২২
Shares
ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি ঘিরে আলোচনা শুরু হয়েছে। তুরস্কের গণমাধ্যম সাবাহের বরাতে জানা যায়, তুর্কি ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)-এর আইনপ্রণেতা আলী শাহিন এক মুসলিম ধর্মীয় নেতার বরাত দিয়ে জানিয়েছেন, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের সাও পাওলোতে ইসলাম ধর্ম গ্রহণ করেন রবার্তো কার্লোস।

প্রতিবেদনে বলা হয়, শাহিন জানান, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইসলামিক জুরিস্টস (এএনএজেআই)-এর সহ-সভাপতি ও ধর্মীয় উপদেষ্টা শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে তিনি এ তথ্য পেয়েছেন।

হাম্মাদেহের দাবি, রবার্তো কার্লোস বেশ কিছুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পরে এক সাক্ষাতে তিনি শাহাদা (ইসলামের বিশ্বাসের ঘোষণা) পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

সাও পাওলোতে ব্রাজিলের ইসলামিক চ্যারিটেবল ইয়ুথ লীগের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান আলী শাহিন। তিনি রবার্তো কার্লোস ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

তবে রবার্তো কার্লোসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে পরিচিত। ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্যারিয়ারের বড় অংশ কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০০৭ সালে তিনি তুরস্কের ক্লাব ফেনারবাহচেতে যোগ দেন।

সম্প্রতি স্পেনে বসবাসকারী মরক্কো বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহায়লা আত তোহিরিকে বিয়ে করেছেন রবার্তো কার্লোস।