...|...|...

খেলা

ফুটবল মাঠে রণক্ষেত্র, এক ম্যাচে ৫১ লাল কার্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০
Shares
ফুটবল মাঠে রণক্ষেত্র, এক ম্যাচে ৫১ লাল কার্ড

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে একটি ম্যাচে ৫১টি লাল কার্ড! অবিশ্বাস্য মনে হলেও এমনই ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। ব্রাজিলের একটি অনূর্ধ্ব-২০ ম্যাচে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মিলিয়ে মোট ৫১ জনকে লাল কার্ড দেখান রেফারি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও এই ঘটনাকে বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ব্রাজিলের উবারলান্দিয়া ও মামোরের অনূর্ধ্ব-২০ দলের মধ্যকার ম্যাচে ঘটে এই নজিরবিহীন ঘটনা। ম্যাচের শেষ মুহূর্তে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি।

ম্যাচের শেষ দিকে মামোরের খেলোয়াড় দাভি ফার্নান্দেস বিটানকোর্ট প্রতিপক্ষ দলের বেঞ্চের দিকে ছুটে যান। রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, সেখানে তিনি বিভিন্ন অঙ্গভঙ্গি ও উসকানিমূলক কথাবার্তার মাধ্যমে প্রতিপক্ষকে উত্তেজিত করেন। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠে উবারলান্দিয়ার খেলোয়াড় ও কর্মকর্তারা।

এরপর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। উবারলান্দিয়ার গোলকিপার কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস মাঠে ঢুকে বিটানকোর্টকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে মারামারি ছড়িয়ে পড়ে পুরো মাঠে। ঘুষি ও লাথির পাশাপাশি মাঠে ছোড়া হয় চেয়ার ও স্ট্রেচার। সংঘর্ষে বল বয়দের কয়েকজনও জড়িয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে না পেরে প্রধান রেফারি পাত্রিক নির্ধারিত সময়ের আগেই ম্যাচ শেষ ঘোষণা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭তম মিলিটারি পুলিশ ব্যাটালিয়নকে ডাকা হয়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও তেম্পো’র প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পর স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুরের চিত্র পাওয়া যায়। তদন্তে প্রায় ১৪টি দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে আসে। এ ছাড়া বেসিন, পানির কল, শৌচাগার, শাওয়ার, বৈদ্যুতিক সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। ড্রেসিংরুমে থাকা দুটি হাইড্রোথেরাপি পুলও পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়।

এমন বিশৃঙ্খলার পর ম্যাচের রেফারি ফার্নান্দেস মোদেস্তো একে একে লাল কার্ড দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত তার দেখানো লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫১-তে। বহিষ্কৃতদের মধ্যে ছিলেন দুই দলের ৪৩ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের আট সদস্য। এক ম্যাচে এতসংখ্যক লাল কার্ড দেখানোর ঘটনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে।

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ক্লাব আতলেতিকো ক্লেপোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছিল। এবার ব্রাজিলের ম্যাচে ৫১টি লাল কার্ডের ঘটনায় ভেঙে গেল সেই পুরোনো রেকর্ড।