...|...|...

জাতীয়

ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১২ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১১
Shares
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের কোনো ধরনের হয়রানি বা অসুবিধায় না ফেলে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে রাজস্ব আদায়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করে কোনো কর আরোপ বা রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে এনবিআর ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করদাতাদের সাথে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটি সুষ্ঠু, কার্যকর এবং ব্যবসাবান্ধব করব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। একই সাথে করদাতাদের বিভিন্ন সমস্যা ও অনিষ্পন্ন রাজস্বসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়েও আলোচনা চলছে।

ভ্যাট রিটার্ন মাসিকের পরিবর্তে এক মাস পরপর দাখিলের ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজস্বসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করা হচ্ছে। আলোচনা শেষে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

জুলাই মাসের রাজস্ব আদায় এবং টানা তিন মাসের ভ্যাট রিটার্ন নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু বলেন, তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। এমন কোনো কর বা রাজস্ব আদায়ের পদ্ধতি চাপিয়ে দেওয়া হবে না, যাতে ব্যবসা পরিচালনা ব্যাহত হয়।

তিনি বলেন, দেশের অর্থনীতি অনেকাংশেই ব্যবসায়ীদের দেওয়া করের ওপর নির্ভরশীল। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করে হয়রানিমুক্ত পরিবেশে রাজস্ব আদায় করাই সরকারের লক্ষ্য।

তবে অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট আদায় ২২ শতাংশ কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি অর্থমন্ত্রী।