ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। তবে বর্তমানে দেশের সর্বত্র দুর্নীতি দেখা যাচ্ছে। পরিস্থিতি বোঝাতে তিনি বলেন, ‘মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’
চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বিন কথাটি উঠিয়ে ফেলেছে। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই ইসলামী দল বলাও যায় না। গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন- তারা শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন- বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারে সৃষ্ট নয়। তাহলে এতো তেল গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখি আচরণ কেন?
এ সময় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রেজাউল করীম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না। শরিয়াবিরোধী আইন থেকে সরকার সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদে নামতে বাধ্য হবে।



