ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসে ফেরার সময় গৌতম মিস্ত্রি নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নং T 3361611- সে ভারতের কোলকাতার বাসিন্দা।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্টে পরিবহন থেকে নামলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ২২ আগস্ট গৌতম মিস্ত্রি ও তার স্ত্রী জাহানারা মিস্ত্রি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৷ বরিশাল জেলায় তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী সাথে এসেছে তাকে হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য বলা হয়েছে। কাগজপত্র নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে লাশটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


