বৃষ্টির কারণে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশু আশ্রয় নেয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৭ মে) দুপুরে দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
এদিন দুপুর সোয়া ২টার দিকে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা মেট্রোরেলের নিচে কাজ শুরু করেন। পরে আড়াইটার দিকে একটি পে-লোডার আনা হয়। এরপর সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ, ময়লা পরিষ্কার ও হাটের বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করার কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশু আশ্রয় নেয়।
এ বছর ঢাকার বড় কোরবানির পশুর হাট বসেছে উত্তরার দিয়াবাড়িতে। হাটে বিপুলসংখ্যক পশুর সমাগম হওয়ায় নির্ধারিত সীমানা ছাড়িয়ে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচেও পশু বেঁধে রাখেন বিক্রেতারা। এতে ওই এলাকায় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি দেখা দেয়।
এর আগে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় অভিযান চালিয়ে সেগুলো সরিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে হাটের ইজারাদারকে ডেকে সতর্ক করা হয়।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

