মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তার এই সফর অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সফরকালে ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শি জিনপিং। বৈঠকে চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বৈশ্বিক শান্তি ও উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতা আলোচনা করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ছয় মাসের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই সফর বিনিময় একটি ‘ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা’। এর মাধ্যমে শীর্ষ পর্যায়ে সরাসরি যোগাযোগ জোরদার হবে।
বেইজিং যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে মুখপাত্র আরও জানান, দ্বিপক্ষীয় সংঘাত বা মতপার্থক্যগুলো সঠিকভাবে নিরসন করে সংলাপ ও সহযোগিতা বাড়াতে চায় চীন।
দুই দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।


