...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে ১১ দিনের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৬
Shares
বিশ্ববাজারে ১১ দিনের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে পুনরুদ্ধারের আশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সোমবার ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের চুক্তির দাম ২ দশমিক ১২ ডলার বা ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এ দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

এদিকে মঙ্গলবার মেয়াদ শেষ হতে যাওয়া ডব্লিউটিআইয়ের অক্টোবরের চুক্তির দাম ১ দশমিক ৯৬ ডলার বা ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ৩৪ ডলারে নেমেছে। নভেম্বরের চুক্তির দাম ছিল ৯৪ দশমিক ১৬ ডলার।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার দুই দেশ একে অপরকে নতুন করে হুমকি দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পেজেশকিয়ানের চলতি সপ্তাহে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম থেকে এক ধরনের ঝুঁকি-জনিত বাড়তি মূল্য সরে যাচ্ছে। কারণ, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক কোনো পথ বেরিয়ে আসতে পারে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে শনিবার এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসার বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্ত জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমলে তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগও কিছুটা কমতে পারে। পাশাপাশি সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।