আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা লেনদেনে সতর্ক অবস্থান নেওয়ায় দাম নিম্নমুখী বলে মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার স্পট মূল্য ০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে। একই সময়ে মার্কিন ফিউচারস মার্কেটেও সোনার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক নিকোস জাবুরাস রয়টার্সকে জানান, ভবিষ্যতের বাজার পরিস্থিতি কোন দিকে যাবে, তা নির্ভর করছে মূল্যস্ফীতির তথ্যের ওপর। তাই গুরুত্বপূর্ণ এই তথ্যের আগে বিশ্ববাজারে সোনার লেনদেন কিছুটা শ্লথ হয়ে পড়েছে।
এদিকে অন্যান্য ধাতুর মধ্যে বিশ্ববাজারে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৪৬ ডলার এবং প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৫২ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৩৫ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় নির্ধারিত রয়েছে।

