...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০৭
Shares
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট নিরসনে অতিরিক্ত ডিজেল ও ক্রুড বা অপরিশোধিত তেল মজুদ ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনার খবর পাওয়া গেছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ এবং ইউরোপীয় গ্যাসঅয়েলের দাম ৫ শতাংশেরও বেশি কমেছে।

শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৮৩ সেন্ট বা ২ দশমিক ৭৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৯ ডলার ৪৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েল ৩ ডলার ৩৫ সেন্ট বা ৩ দশমিক ৬১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে।

এই দরপতনের ফলে উভয় বেঞ্চমার্ক চুক্তিই সাপ্তাহিক পতনের মুখে রয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ৪ দশমিক ৭ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম প্রায় ৩ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে, ডিজেল দামের মূল মাপকাঠি হিসেবে বিবেচিত ইউরোপীয় গ্যাসঅয়েল ফিউচার্স ৫ শতাংশেরও বেশি কমে প্রতি মেট্রিক টন ১,৩৭৭ ডলারে নেমে এসেছে।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হানসেন বলেছেন, বাজারের তীব্র সংকট দূর করতে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যখন জ্বালানি ও অপরিশোধিত তেলের মজুদ ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করছে, তখন গ্যাসঅয়েল ও ইউএলএসডি-এর নেতৃত্বে পুরো জ্বালানি খাতের দামই নিম্নমুখী ধারায় রয়েছে।