...|...|...

বিশ্ব

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে: আদালত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১০
Shares
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে: আদালত

ছবি: সংগৃহীত

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটি খারিজে বিবিসির আবেদন আংশিক নাকচ করে দেন তিনি। তবে এই সিদ্ধান্তে মামলায় ট্রাম্পের জয় নিশ্চিত হয়নি; অভিযোগের পক্ষে তাকে আদালতে প্রমাণ হাজির করতে হবে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া বক্তব্য সম্পাদনা করে প্রচারের অভিযোগে মামলাটি করেন তিনি। বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানের ‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স’ শিরোনামের তথ্যচিত্রে তাঁর বক্তব্যের দুটি অংশ জুড়ে দেওয়া হয়েছিল।

ফ্লোরিডার মার্কিন ডিস্ট্রিক্ট জজ জেফরি টি. কুন্টজ বলেন, ট্রাম্প তাঁর সুনাম ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে যথেষ্ট অভিযোগ উত্থাপন করেছেন। নির্বাচনের ঠিক আগে তথ্যচিত্রটি প্রচারিত হওয়ায় তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারত বলেও পর্যবেক্ষণ দেন বিচারক।

বিচারক বিশেষভাবে উল্লেখ করেন, প্রায় ৫৫ মিনিটের ব্যবধানে দেওয়া ট্রাম্পের দুটি মন্তব্য একত্র করে দেখিয়েছিল বিবিসি। এ সম্পাদনার জন্য পরে ক্ষমাও চেয়েছিল সম্প্রচারমাধ্যমটি।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিবিসি সম্পাদনাটিকে দীর্ঘ ভাষণ সংক্ষিপ্ত করার সাধারণ প্রক্রিয়া হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও মন্তব্য দুটির মধ্যকার সময়ের ব্যবধান বিবেচনায় তা বিভ্রান্তিকর হওয়ার বিষয়টি তাদের জানা ছিল, অথবা জানা উচিত ছিল।

বিচারক আরও বলেন, এটি কেবল অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া নয়; বরং মূল বক্তব্যের চেয়ে ভিন্ন অর্থ তৈরি করা হয়েছে। তাঁর মতে, এমন সম্পাদনা ‘প্রকৃত বিদ্বেষ’-এর প্রমাণ হতে পারে। জনপরিচিত ব্যক্তির মানহানি মামলায় জয়ী হতে যুক্তরাষ্ট্রের আইনে এ ধরনের বিদ্বেষ প্রমাণ করা গুরুত্বপূর্ণ।

বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের সিদ্ধান্তে তারা বিস্মিত হলেও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা অব্যাহত রাখবে তারা।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ রায়কে স্বাগত জানিয়ে একে ‘বিশাল জয়’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। আমেরিকান জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

তবে বিচারক স্পষ্ট করেছেন, ট্রাম্প তাঁর অভিযোগগুলো প্রমাণ করতে পারবেন কি না, তা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। একই সঙ্গে মামলায় ক্ষতির বিষয়টিও তাঁকে প্রতিষ্ঠা করতে হবে।

এদিকে, বিবিসির বিরুদ্ধে ফ্লোরিডার প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্য প্রথা আইন লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের করা পৃথক দাবিটি খারিজ করে দিয়েছেন বিচারক। তাঁর মতে, তথ্যচিত্রটি বাণিজ্যিক বক্তব্যের আওতায় পড়ে না।