...|...|...

বিশ্ব

বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ রাশিয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, রাত ৮:২৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৯
Shares
বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ রাশিয়ার

কিয়েভে রাশিয়ার হামলার চিত্র। ছবি:: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহর ছাড়ার পাশাপাশি দেশটিতে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে মস্কো।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, শনিবার (৩ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রুশ বেসামরিক জনগণ ও অবকাঠামোর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় জানায়, বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা ভ্রমণ না করার বিষয়ে আবারও সতর্ক করা হচ্ছে। যারা এই সতর্কতা উপেক্ষা করবেন, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় তাদেরই বহন করতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের সতর্কতা নতুন নয়। গত ২৫ মে দেওয়া একটি বিবৃতি এবং বিদেশি অংশীদারদের কাছে পাঠানো কূটনৈতিক নথিতেও একই বার্তা দেওয়া হয়েছিল। পরে ২৭ মে কূটনৈতিক কোরের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বিষয়টি আবার তুলে ধরেন।

মস্কো আরও বলেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ, নরওয়ে ও সুইজারল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার পরামর্শ দিয়ে আসছে।

তবে কিয়েভে এখনো বহু দেশের দূতাবাস চালু রয়েছে এবং বিদেশি কর্মকর্তাদের সফরও অব্যাহত আছে। রাশিয়ার দাবি, যারা সতর্কতা উপেক্ষা করে সেখানে অবস্থান করছেন, তারা নিজেদের গুরুতর ঝুঁকির মুখে ফেলছেন।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো বিদেশি মিশন আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করেনি।

রাশিয়ার এই নতুন সতর্কতা এমন সময়ে এলো, যখন কিয়েভে সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার হয়েছে। রুশ বাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনজুড়ে বড় পরিসরের পাল্টা হামলা অব্যাহত রাখবে।