...|...|...

জাতীয়

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৫ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৯
Shares
রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আজ শুক্রবার দেশে আসছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানিটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়াম বহনকারী ফ্লাইটটি দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ প্রকল্পের দুটি ইউনিট রয়েছে।