...|...|...

জাতীয়

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ কীভাবে পৌঁছাবে গ্রাহকের ঘরে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৪২
Shares
রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ কীভাবে পৌঁছাবে গ্রাহকের ঘরে

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কোনো এলাকার বাসাবাড়িতে সরবরাহ করা হবে না। প্রথমে তা যুক্ত হবে জাতীয় গ্রিডে। এরপর উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন, গ্রিড উপকেন্দ্র ও বিতরণব্যবস্থার বিভিন্ন ধাপ পেরিয়ে পৌঁছাবে দেশের বিভিন্ন অঞ্চলের বাসাবাড়ি, শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে।

বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে কেন্দ্রের নিজস্ব উপকেন্দ্রের মাধ্যমে উচ্চ ভোল্টেজে জাতীয় সঞ্চালনব্যবস্থায় যুক্ত হবে। পরে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন দিয়ে তা বিভিন্ন গ্রিড উপকেন্দ্রে পাঠানো হবে। এসব উপকেন্দ্রে ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কমিয়ে বিতরণের উপযোগী করা হবে। এরপর বিতরণ সংস্থাগুলোর অবকাঠামোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে পৌঁছাবে বিদ্যুৎ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। তবে এই সংযোগের অর্থ পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়।

পদ্মা-যমুনা পারাপারে বিশেষ সঞ্চালন লাইন

রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়ার ক্ষেত্রে পদ্মা ও যমুনা নদী পারাপার গুরুত্বপূর্ণ। এ জন্য নদী দুটির ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের বিশেষ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।

পাওয়ার গ্রিডের প্রকল্পের তথ্য অনুযায়ী, যমুনা নদীর ওপর ৪০০ কেভির সাত কিলোমিটার ডাবল সার্কিট এবং পদ্মা নদীর ওপর দুই কিলোমিটার সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া যমুনা নদীর ওপর রয়েছে ২৩০ কেভির সাত কিলোমিটার ডাবল সার্কিট লাইন।

প্রকল্পের তথ্য বলছে, ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত নদী পারাপার প্রকল্পের ভৌত অগ্রগতি ছিল ৯৭ দশমিক ২০ শতাংশ।

যেভাবে গ্রিড থেকে পৌঁছাবে গ্রাহকের কাছে

জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পর এর সঞ্চালন ও সরবরাহব্যবস্থা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। বিদ্যুতের চাহিদা এবং গ্রিডের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংস্থাটি সঞ্চালনব্যবস্থা পরিচালনা করবে।

জাতীয় গ্রিডের উচ্চ ভোল্টেজের লাইন দিয়ে বিদ্যুৎ পৌঁছাবে বিভিন্ন গ্রিড উপকেন্দ্রে। সেখানে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে বিতরণের উপযোগী করা হবে। এরপর পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মতো বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে বিদ্যুৎ যাবে বিভিন্ন এলাকার বিতরণ উপকেন্দ্রে।

সবশেষে স্থানীয় ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ আরও কমানো হবে। এরপর আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে বিদ্যুৎ।

অর্থাৎ, রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর কয়েকটি সঞ্চালন ও বিতরণ ধাপ অতিক্রম করেই পৌঁছাবে সাধারণ গ্রাহকের কাছে।