ইউক্রেনের রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদারের মধ্যে দ্বিতীয় একটি বড় সেতুতে আঘাত হেনেছে রাশিয়া। শনিবার (৩ অক্টোবর) নর্দার্ন বা ‘পিভনিচনি’ সেতুতে হামলার তথ্য জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্লিচকো জানান, হামলায় সেতুটির সড়কের উপরিভাগ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর পূর্ব বা বাম তীর থেকে পশ্চিম বা ডান তীরের দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার কিয়েভের আরেক গুরুত্বপূর্ণ সেতু—সাউদার্ন বা ‘পিভদেননি’ সেতু—একাধিক রুশ ড্রোন হামলার শিকার হয়। ওই হামলার পর সেতুটির ওপর দিয়ে মেট্রো ও সড়কপথে যান চলাচল ব্যাহত হয়।
নর্দার্ন ও সাউদার্ন সেতু দিনিপ্রো নদীর দুই পাশে থাকা কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করে। সাম্প্রতিক হামলায় রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ নদী পারাপার ব্যবস্থা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় নগরজীবনে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। প্রায় ৩০ লাখ বাসিন্দার শহরটিতে বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন নদীর এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নর্দার্ন ব্রিজে হামলার কথা স্বীকার করে দাবি করেছে, সেতুটি ইউক্রেনীয় সেনা ও সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। মস্কো আরও দাবি করেছে, কিয়েভের একটি রসদ সরবরাহ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে কিয়েভের মেয়র আলাদা কোনো তথ্য দেননি।
সাউদার্ন ব্রিজে আগের হামলার পর কিয়েভের প্রতিরক্ষা পরিষদ জরুরি বৈঠক করে। ক্লিচকো তখন সতর্ক করে বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা ধারাবাহিক হামলার মুখে পড়ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনীয় হামলার জবাবে মস্কো পাল্টা পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া রাজধানীর বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার পরিধি বাড়িয়েছে।


