...|...|...

বিশ্ব

বিক্ষোভ উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১৬৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৪০
Shares
বিক্ষোভ উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১৬৬

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে এসব কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এ ছাড়া সারা দেশে ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, প্যারিসের কেন্দ্রস্থলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত প্লাস দে লা রিপাবলিক চত্বর ও আশপাশের সড়কে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। সেখানে হুড ও মুখোশ পরা কয়েকটি দলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এ সময় কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে বিক্ষোভকারীরা টাউন হলে ঢুকে পড়েন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শহরের বাণিজ্যিক এলাকায় দোকানপাটেও লুটপাট চালানো হয়। অন্যদিকে, লিওঁ শহরের স্থানীয় পর্যটন দপ্তরে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত দেশজুড়ে ১৪০টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেন ৩২ হাজার ৮০০ জন। এ সময় পর্যন্ত সারা দেশে ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

জ্বালানি ও খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এর আগে কয়েক সপ্তাহ ধরে দেশটির হাইস্কুল শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানের নাজুক অবস্থার প্রতিবাদে আন্দোলনে নামেন। ওই বিক্ষোভে পুলিশের হাতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরীর হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সব জায়গায় বিক্ষোভ সহিংস রূপ নেয়নি। বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতেও অংশ নেন শ্রমিক ইউনিয়নের সদস্য, শিক্ষক ও সাধারণ নাগরিকেরা।

এদিকে, ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরাও এবারের বিক্ষোভে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

বিক্ষোভের আগের দিন শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ব্রাসেলসে তিনি বলেন, বিক্ষোভ করা ও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে এ অধিকারের সঙ্গে মানুষের প্রতি শ্রদ্ধা দেখানো, সম্পদ রক্ষা করা এবং কোনো কিছু ধ্বংস না করার দায়িত্বও জড়িত।