কনট প্লেসে পূর্বঘোষিত ‘লেহরা দো তিরাঙ্গা’ বা জাতীয় পতাকা উত্তোলন মার্চ ঘিরে আটক হওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভাপতি নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। তবে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গ্রেফতার দেখিয়ে আজই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার নয়া দিল্লির কনট প্লেসে বিক্ষোভ মিছিলের ঠিক আগে পুলিশ এই দুজনকে প্রিভেন্টিভ বা নিবর্তনমূলক হেফাজতে নিয়েছিল।
দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারার অধীনে আটক সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে জানা গেছে, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১২৬ ও ১৭০ ধারার অধীনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়।


