‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর পূর্বঘোষিত ‘লেহরা দো তিরাঙ্গা’ বা জাতীয় পতাকা মার্চে যোগদানের ঠিক আগমুহূর্তে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে তার নিজ বাসা থেকে আটক করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এনডিটিভি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে এটি অভিজিৎ দীপকের দ্বিতীয়বারের মতো আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকা সংশোধনের সময় ভোটার তালিকা কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর যন্তর মন্তর এলাকাকে প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত স্থান বা জোন হিসেবে তালিকাভুক্তির বাইরে ঘোষণা করা হয়। এর ঠিক পরদিনই, গত ১৩ অক্টোবর সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা জাতীয় পতাকা হাতে ওই ঐতিহাসিক স্থানে প্রবেশ করলে পুলিশ তাদের গ্রেফতার করে এবং আদালতে হাজির করলে তাদের পাঁচ দিনের বিচারিক রিমান্ডে পাঠানো হয়। মূলত এই দুই নেতার নিঃশর্ত মুক্তি ও শাস্তির প্রতিবাদেই সিজেপির পক্ষ থেকে এই পতাকা মার্চের কর্মসূচি ডাকা হয়েছিল।


