...|...|...

বিশ্ব

যুদ্ধবিরতিও থামাতে পারেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ, গাজায় ৩৪০ শিশু নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭
Shares
যুদ্ধবিরতিও থামাতে পারেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ, গাজায় ৩৪০ শিশু নিহত

ছবি: সংগৃহীত

২০২৫ সালের অক্টোবর মাসে কার্যকর হওয়া তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৩৪০ জনেরও বেশি শিশু নিহত এবং শত শত শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। খবর আল-জাজিরার।

শনিবার (১৭ অক্টোবর) জাতিসংঘের জেনেভা সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, গাজা উপত্যকার ‘চলমান অবরোধের মাঝেই’ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে।

গত দুই সপ্তাহের পরিস্থিতির কথা উল্লেখ করে পিরেস বলেন, গত দুই সপ্তাহের হামলায় পাঁচ জন বালক ও দুই জন বালিকার প্রাণহানি ঘটেছে। এছাড়া অন্তত ৩৩ জন শিশু গুরুতর আহত হয়েছে।

গাজায় আনুমানিক ৮ লাখ শিশু বর্তমানে বাস্তুচ্যুত হয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বেশিরভাগই তাঁবু কিংবা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভবনে আশ্রয় নিয়ে আছে। আগামী শীতের মাসগুলোতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এর মাধ্যমে ফিলিস্তিনি শিশুরা চতুর্থবারের মতো পরপর এমন অমানবিক ও বসবাসের অযোগ্য শীতের মধ্য দিয়ে সময় পার করতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।