পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সাথে একই বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। ঘরের ভেতর, আশপাশের বাড়ি ও পুকুরে খোঁজ করেও শিশুটির সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
নিখোঁজ শিশুটির নাম রায়হান। তার মা রুমা বেগম জানান, সকালে ছেলেকে স্বামী মো. রাসেল খানের পাশে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর কুকুরের ডাক শুনে ঘরে ফিরে এসে বিছানায় রায়হানকে দেখতে পাননি। পরে ঘরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং আশপাশের বাড়িতেও শিশুটির সন্ধান চান। তবে কোথাও তাকে পাওয়া যায়নি।
শিশুটির বাবা মো. রাসেল খান বলেন, তিনি ছেলেকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী পাশে শিশুকে না পেয়ে চিৎকার করলে ঘুম ভাঙে। এরপর বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। এমনকি বাড়ির পুকুরে মোটর দিয়ে পানি সেচেও শিশুটিকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো সন্ধান মেলেনি।
শিশুটির বাড়ি মহাসড়কের পাশে হওয়ায় তাকে কেউ নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে শিশুটি কীভাবে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই বিছানায় বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় কীভাবে শিশুটি নিখোঁজ হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির সন্ধান ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা চলছে।


