প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা- মেঘনা নদীতে মা ইলিশ নিধনের দায়ে মোট ২১ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৬ টি নৌকা এবং ১০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁদপুর নৌ পুলিশ সাংবাদিকদের এসব তথ্য জানায়। নৌ পুলিশ আরও জানায়, গত বুধবার রাতে অভিযানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরা অবস্থায় ২১ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের মধ্যে, ৫ জেলে অপ্রাপ্ত বয়সী হওয়ায় মুসলেখা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় চাঁদপুর সদর থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জাল ও নৌকা আদালতের নির্দেশনা অনুযায়ী বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশ আদালতের অনুমতি নিয়ে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানানো হয়।
চাঁদপুর নৌ- থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম ও প্রজনন সুরক্ষায় নদীতে দিন-রাত সর্বক্ষণিক ৩ থেকে ৪টি টিম টহল দিচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারী অসাধু জেলেদের কোনভাবেই নদীতে নামতে দেওয়া হবে না বলেও তিনি জানান।


