...|...|...

সারাদেশ

চাঁদপুরে জেলেদের চাল বিক্রির অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:১৭
Shares
চাঁদপুরে জেলেদের চাল বিক্রির অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আটক

ছবি: সংগৃহীত

ইলিশের প্রজননকালীন মা ইলিশ নিধনে নিষেধাজ্ঞার সময় জেলেদের বরাদ্দকৃত সরকারি ৫ টন চাল চুরি করে বিক্রির অভিযোগে চাঁদপুর সদরের লক্ষীপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোস্তফা কামাল শামীমকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার অফিস ইনচার্জ(ওসি) মো. ফয়েজ আহমেদ সাংবাদিকদের জানান, বর্তমানে তিনি জিজ্ঞাসাবাদের জন্য থানাহাজতে রয়েছেন। দুপুর নাগাদ তাকে আদালতে পাঠানো হতে পারে বলে জানান তিনি।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ চলাকালীন জেলেদের সহায়তার জন্য সরকারিভাবে নিবন্ধিত জেলেদের চাল বরাদ্দ করা হয়। সে অনুযায়ী, এসব চালগুলো চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ বলে জানা গেছে। তবে অভিযোগ উঠেছে, জব্দকৃত পাঁচ টন চাল জেলেদের মধ্যে বিতরণ না করে অন্যত্র এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে শহরের বিপণীবাগ এলাকা থেকে গতকাল রাতে পাঁচ টন চালসহ একটি পিকআপ জব্দ করে চাঁদপুরের স্থানীয় প্রশাসন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম সাংবাদিকদের বলেন, রবিবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা চালগুলো জেলার বাইরে নেওয়ার সময় বিপনীনাগ এলাকা থেকে পিকাপসহ চাল জব্দ করা হয়েছে। পরে চালগুলো চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) রাখা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন প্রশাসন।

তবে অভিযোগের বিষয়ে, অভিযুক্ত মোস্তফা কামাল শামীমের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব না হওয়ায়, তার বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে চাল কেনার দাবি করা ইউনুস বলেন, এক লাখ ৪০ হাজার টাকায় পাঁচ টন চাল কিনেছেন তিনি। খাদ্য গুদাম থেকে চাল নেওয়ার পর সেগুলো জেলার বাইরে নিয়ে যাচ্ছিলেন। পথে প্রশাসনের নির্দেশে পিকআপটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।