চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোটসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৭। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরের একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলে তার সাথে থাকা একটি সাদা শপিং ব্যাগে তিন লাখ টাকার জাল নোট পাওয়া যায়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলু জানান, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম রাঙামাটি শহরের কোতোয়ালি মডেল থানাধীন পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতার ফরহাদুল ইসলাম ফজলু কুমিল্লার মনোহরগঞ্জ থানার লৎসার এলাকার বাসিন্দা। তার বাবার নাম গিয়াস উদ্দিন হায়দার।
রবিবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত জানায় এসআরবি-৭।
সংস্থাটির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তি, উদ্ধার করা জাল নোট এবং জব্দ করা সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


