...|...|...

সারাদেশ

ত্রিশালে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৪ নেতা গ্রেফতার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০০
Shares
ত্রিশালে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৪ নেতা গ্রেফতার

ছবি: টাইমস টুডে

ময়মনসিংহের ত্রিশালে মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কাপড় প্যাঁচানো ৬৪টি বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় নির্মাণ ব্রিকসের বিপরীতে রহমতুল্লাহ লিটনের ফিশারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হন। সেখানে তারা মিছিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ৩ নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নজরুল ইসলাম (৬০), সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন (৫০),সদস্য মাসুদ (৪১) এবং ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ৬৪টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। লাঠিগুলোর উপরের অংশে মশাল জ্বালানোর জন্য কাপড়ের বিশেষ অংশ প্যাঁচানো ছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 রবিবার (২৯ নভেম্বর) গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।