সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


