গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির (৪৪) ছেলের মৃত্যু হয়েছে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন না করে ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাগারের ফটকে ছেলেকে শেষবার দেখার ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।
কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শনিবার তার ছেলের মৃত্যুর খবর কারাগারে পৌঁছালে তিনি ছেলেকে শেষবারের মতো দেখার ইচ্ছা প্রকাশ করে আবেদন করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেননি। তবে ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছেন৷ তার ছেলেটি প্রতিবন্ধী ছিল। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে তাকে কারাগারের ফটকে ছেলেকে দেখার সুযোগ করে দেওয়া হবে৷ ছেলেটির লাশ নিয়ে আসা হচ্ছে, আসলেই দেখার ব্যবস্থা করা হবে।
এর আগে, ফেসবুকে শারমিন সুলতানার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সন্তানের অসুস্থতার কথা জানিয়ে মুক্তির আকুতি জানান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।
মারা যাওয়া সন্তানেরও আগে দেওয়া একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।


