...|...|...

সারাদেশ

জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪
Shares
জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান নিতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। তখন সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। পরে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

এরপর এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

তবে পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করার নির্দেশ দেওয়ার দৃশ্যও সামনে এসেছে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঘটনা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন তথ্য পাওয়ার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে ছিল। এ জন্য রাতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সকালে কয়েকজন এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে কোনো প্রাণহানি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।