...|...|...

সারাদেশ

কর্নেল ফয়সল

সীমান্তে অনুপ্রবেশের গুজব ছড়ানোর বিষয়টি বিজিবির নজরে রয়েছে

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৩
Shares
সীমান্তে অনুপ্রবেশের গুজব ছড়ানোর বিষয়টি বিজিবির নজরে রয়েছে

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। ছবি: সংগৃহীত

সীমান্তে বিভিন্ন ধরনের অনুপ্রবেশের আশঙ্কা ও গুজব ছড়ানোর বিষয়টি বিজিবির নজরে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, এসব বিষয়ে তারা সম্পূর্ণ সজাগ। কেউ নাশকতামূলক উদ্দেশ্য নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ নভেম্বর) হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় বিজিবির নিরাপত্তাব্যবস্থা ও তল্লাশিকার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তের চেকপোস্ট দিয়ে যাতে কোনও ধরনের নাশকতামূলক সরঞ্জাম প্রবেশ করতে না পারে, সে জন্য নারকোটিক্স ডগসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তল্লাশিকার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না এবং বিজিবি সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করতেই এ পরিদর্শন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন। একই সাথে স্থানীয় জনগণও বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।