পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবন ধসে ৩৪ শিশু নিহতের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।
এতে বলা হয়েছে, তিন সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান জাভেদ ইকবাল।
তদন্ত কমিটি পেশোয়ারের দির কলোনিতে শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ার পেছনের ঘটনা ও পরিস্থিতি খতিয়ে দেখবে।
‘ঘটনার কারণগুলো নির্ধারণ করা হবে এবং এতে কোনো অবহেলা, নির্মাণ ত্রুটি অথবা অন্য কোনো কারণ জড়িত ছিল কি না, সেটিও নিশ্চিত করা হবে।’
পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে যথাযথ সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।
এদিকে পেশোয়ারের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, স্কুল ভবনটি ‘শিক্ষার্থীদের ওজন সহ্য করতে না পেরে ধসে পড়েছে।’
পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ সুপার(অপারেশনস) ফারহান আহমেদ জানান, দীর কলোনিতে অবস্থিত আল-খায়ের স্কুলটি ‘খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল।’
পুলিশের ধারণা অনুযায়ী, স্কুলটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করত এবং ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি শ্রেণিকক্ষে প্রায় ১০০ শিক্ষার্থী উপস্থিত ছিল।
এই ভবনটি এর আগে কখনো পরিদর্শন করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মি. আহমেদ।


