মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, ২০৩০ সালে তাঁর রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে। মেয়াদ বাড়াতে সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, নতুন প্রশাসনিক রাজধানীতে অবস্থিত মিশরীয় সামরিক একাডেমির এক সমাবর্তন অনুষ্ঠানে সিসি এসব কথা বলেন।
সিসি বলেন, “২০৩০ সালে আমার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে। বিষয়টি পুরোপুরি চূড়ান্ত।” তিনি আরও জানান, মিশরের সংবিধানে কোনো পরিবর্তন আনা হবে না। সাংবিধানিক শৃঙ্খলা, গণতান্ত্রিক নীতি এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো রক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি।
মিশরের প্রেসিডেন্ট বলেন, সংবিধানে সশস্ত্র বাহিনীর ভূমিকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাংবিধানিক শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষায় সেই বিধান মেনে চলা জরুরি।
তিনি আরও বলেন, “আমি মিশর রাষ্ট্রকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে যাব না, যতক্ষণ না এটি দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সক্ষম মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।” এ সময় তিনি জানান, মিশরীয় সামরিক একাডেমির মাধ্যমে নতুন প্রজন্মের নেতাদের প্রস্তুত করা হচ্ছে।
এদিকে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মিশর প্রস্তুত বলে জানিয়েছেন সিসি। সৌদি আরব অনুরোধ জানালে দেশটির সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সিসি বলেন, “সৌদি আরবকে রক্ষার জন্য আমরা যেকোনো পদক্ষেপ নেব।” এ ধরনের পদক্ষেপের অনুমোদন নিতে সৌদি আরবের অনুরোধের পর তিনি পার্লামেন্টে জরুরি অধিবেশন আহ্বানের উদ্যোগ নেবেন বলেও জানান।
তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভূখণ্ড রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মিশর দৃঢ়ভাবে পাশে রয়েছে।


