বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।
রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া উপযুক্ত সময়ে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বিএনপি।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। কর্মসূচিগুলোর দিনক্ষণ পরে নির্ধারণ করা হবে।
রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি কর্মসূচির খসড়া নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান জাতিকে উজ্জীবিত করেছিলেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
রিজভীর বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক সংকটময় সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও উৎপাদনের পথে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন।



