ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় গেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়েন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ওআইসির সদর দফতরে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে ওআইসির মহাসচিব পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহিমের মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে। এর আগে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ওআইসির মহাসচিবের দায়িত্ব পালন করেন ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন।
মহাসচিব নির্বাচন ছাড়াও বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এ ছাড়া ইসলামিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা, ওআইসির পরবর্তী কার্যক্রম এবং সদস্য রাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষা ও স্বার্থ রক্ষায় যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
বেশ কিছুদিন ধরে বাংলাদেশের এই চুক্তিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ইসলামিক দেশগুলোর মধ্যে এমন কোনো নিরাপত্তা চুক্তি হলে সেখানে বাংলাদেশের যোগ দেওয়া অস্বাভাবিক নয়। বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ওআইসি বৈঠকের ফাঁকে সৌদি আরবের সঙ্গে মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে আলোচনা হতে পারে। ওই আলোচনার পর এ বিষয়ে বাংলাদেশ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



