...|...|...

জাতীয়

ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৩
Shares
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে চালু হবে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের আবেদনগুলো এককভাবে এই কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা-সংক্রান্ত পাসপোর্টের আবেদন গ্রহণ ও ইস্যুর কার্যক্রম আগের মতোই কূটনৈতিক নোটের মাধ্যমে দূতাবাস পরিচালনা করবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা ২এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং কখন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৭ আগস্ট আলাদাভাবে ঘোষণা করা হবে।

এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।

ভিসা আবেদন কেন্দ্র চালুর সময়সূচি, কার্যক্রমের সময়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা ফি এবং আবেদন প্রক্রিয়ার অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা আবেদন কেন্দ্র-সংক্রান্ত দূতাবাসের পরবর্তী ঘোষণাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের আশা, নতুন কেন্দ্র চালুর ফলে আবেদনকারীদের ভোগান্তি কমার পাশাপাশি আরও কার্যকর ও সহজ ভিসাসেবা নিশ্চিত হবে।