বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের অর্থ ও রাজস্বমন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেবের সাথে দেশটির অর্থ বিভাগে এ বৈঠক হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের অর্থ ও রাজস্বমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। এ সময় তিনি দুই দেশের অর্থনৈতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন পর্যায়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও অভিন্ন উন্নয়ন লক্ষ্য নিয়ে আলোচনার সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়। দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর নীতি গ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
এ সময় পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং রাজস্ব শৃঙ্খলা প্রতিষ্ঠায় নেওয়া বিভিন্ন কাঠামোগত সংস্কারের অভিজ্ঞতা তুলে ধরেন। অর্থনীতির ভিত্তি মজবুত করা এবং বেসরকারি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে পাকিস্তানের উদ্যোগ সম্পর্কেও তিনি বাংলাদেশের প্রতিনিধিদের অবহিত করেন।


