ভারতের আকাশসীমা লঙ্ঘন করে সিকিমের আকাশে চীনের একটি সামরিক বিমান প্রবেশের অভিযোগ উঠেছে। বিমানটি প্রায় ২০ থেকে ২৫ মিনিট সেখানে অবস্থান করে বলে জানা গেছে। এ সময় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও চীনা বিমানটি তা উপেক্ষা করেছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুকের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ১২ নভেম্বর সিকিমের আকাশে এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা সামরিক বিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে নিজ দেশের আকাশসীমায় ফিরে যাওয়ার জন্য একাধিকবার সতর্ক করা হয়। তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করে বিমানটি ওই এলাকায় অবস্থান করতে থাকে বলে দাবি করেছে সূত্রটি।
বিমানটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়। তবে সেটি কোন ধরনের সামরিক বিমান ছিল, ঠিক কোন পথে উড়েছিল কিংবা কখন ভারতের আকাশসীমা ছেড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভারতের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নতুন করে আলোচনায় এসেছে। পশ্চিমবঙ্গে অবস্থিত প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করে। ভৌগোলিক আকৃতির কারণে এটি 'চিকেনস নেক' নামেও পরিচিত।
বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের কাছাকাছি অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোর ভারতের নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব বহন করে। অন্যদিকে, সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এর কাছেই অবস্থিত ডোকলাম মালভূমি, যেখানে ২০১৭ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে দীর্ঘ সামরিক অচলাবস্থা তৈরি হয়েছিল।
এর আগেও ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমানের গতিবিধি নিয়ে উত্তেজনা দেখা গেছে। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সামরিক অবস্থানের কাছাকাছি একটি চীনা যুদ্ধবিমান শনাক্ত করা হয়। ওই সময় ভারতীয় বিমানবাহিনী প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সামরিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি চীনকে জানায়।
এ ছাড়া ২০২০ সালে পূর্ব লাদাখে সামরিক অচলাবস্থার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চীনা সামরিক হেলিকপ্টারের উপস্থিতি শনাক্ত করে ভারত। পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধবিমান মোতায়েন করা হলেও সেবার চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
২০১৭ সালেও উত্তরাখণ্ড ও লাদাখের বিভিন্ন সীমান্ত এলাকায় চীনা সামরিক হেলিকপ্টারের অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল।
এদিকে, সর্বশেষ ঘটনার বিষয়ে মন্তব্য জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



