...|...|...

জাতীয়

বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২:৪০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২:৫১
Shares
বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের

ছবি: সংগৃহীত

বর্জ্যকে ফেলে দেওয়ার বস্তু হিসেবে বিবেচনা না করে সম্পদ, পরিচ্ছন্ন জ্বালানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাময় উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। এ লক্ষ্য অর্জনে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তব্যে জুবাইদা রহমান বলেন, গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের যে লক্ষ্য রয়েছে, তার সাথে এ উদ্যোগের সামঞ্জস্য রয়েছে।

তিনি জানান, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের (থ্রি-আর) মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে সরকার। এ ছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট উৎপাদন, ভাগাড় থেকে গ্যাস সংগ্রহ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য নিরাপদে ব্যবস্থাপনার উদ্যোগও রয়েছে।

ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটির আওতায় প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প চালুর পরিকল্পনা করছে সরকার।

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন জলাশয় পরিষ্কারের পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান জুবাইদা রহমান।